Last Updated:
দীপাবলির আলো ছড়ানোর আগেই নিভে গেল একটি জীবন। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু নাড়াজোলের পাপাই দাসের।

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দীপাবলির আলো ছড়ানোর আগেই নিভে গেল একটি জীবন। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু নাড়াজোলের যুবকের। দাসপুর থানার নাড়াজোল গ্রামে দীপাবলির আনন্দের দিনই নেমে এল গভীর শোকের ছায়া। উৎসবের আলো জ্বালানোর প্রস্তুতি চলছিল ঘরে ঘরে। কিন্তু সেই আলোক উৎসবের আগেই অন্ধকার নামল এক পরিবারে। টুনি ল্যাম্প ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন স্থানীয় যুবক পাপাই দাস (বয়স ২৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ক্লাবের কালীপুজোর কাজ সেরে নিজের বাড়িতে ফিরেছিলেন পাপাই। দীপাবলির আলোয় বাড়ি সাজাতে তিনি বাড়ির চারপাশে টুনি ল্যাম্প ঝুলাচ্ছিলেন। সেই সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগতেই তিনি তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত নাড়াজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। পাপাই দাস অরুণ দাসের পুত্র।
দীপাবলির আনন্দমুখর দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আলো উৎসবের রাতে নাড়াজোলে এখন শুধু একটাই প্রশ্ন— “কেন এমন হল?”
Paschim Medinipur,West Bengal
October 21, 2025 12:18 PM IST


