মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ | চ্যানেল আই অনলাইন

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ | চ্যানেল আই অনলাইন

আলো, করতালি আর স্বপ্নপূরণের এক সন্ধ্যা। সৌন্দর্যের সঙ্গে আত্মবিশ্বাস, মেধা ও সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তা তুলে ধরে এবার মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মুকুট উঠেছে নতুন এক মুখের মাথায়। রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের মল্লিকা হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনি।
বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে সবার নজর কাড়েন সামানজার সাঈদ। বিচারকদের মূল্যায়নে তিনিই জিতে নেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬-এর মর্যাদাপূর্ণ মুকুট।

এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল ‘বিউটি উইথ আ পারপাস’। অনুষ্ঠানের শুরুতে আয়োজক প্রতিষ্ঠান আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, তরুণদের মডেলিং ও প্রেজেন্টিংয়ের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্য নিয়েই তাদের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে সেই প্ল্যাটফর্ম থেকে অনেকেই সফলভাবে কাজ করছেন।

এবারের প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯ শিরিন আক্তার শিলা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ রাফা নানজীবা তোরসাসহ ফ্যাশন ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেন সেরা পাঁচ প্রতিযোগী আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা ঐশী। প্রশ্নোত্তর পর্ব শেষে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হিসেবে বিজয়ীর মুকুট পরেন সামানজার সাঈদ। প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা ঐশী এবং দ্বিতীয় রানারআপ লাবিবা মনজুর।
বাংলাদেশের নতুন এই বিশ্বসুন্দরী আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন সিটিতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে দেশের প্রতিনিধিত্ব করবেন। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।
দেশের মুকুট জয়ের পর এবার সামানজার সাঈদের সামনে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ। আন্তর্জাতিক অঙ্গনে তিনি কতটা সফল হন, সেদিকেই এখন নজর সৌন্দর্য প্রতিযোগিতার অনুরাগীদের।

 

Scroll to Top