দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ঘোষণার পরপরই আনন্দে ভেসেছে তার জন্মভূমি ঠাকুরগাঁও জেলা।
ফলাফল ঘোষণার পর থেকেই বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। প্রিয় নেতার এই ঐতিহাসিক অর্জনে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করে নেন। শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও উল্লাস করতে দেখা যায় দলীয় সমর্থকদের।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় পুরো ঠাকুরগাঁওবাসী আজ গর্বিত ও আনন্দিত। এটি শুধু দলের জন্যই নয়, বরং জেলার প্রতিটি মানুষের জন্য এক বিশাল প্রাপ্তি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের প্রিয় নেতার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
মিষ্টি বিতরণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ প্রিয় নেতার দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়ার মুহূর্তটিকে অবিস্মরণীয় করে রাখেন।

