রাজধানীর মিরপুরে গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. জুয়েল রানা (৩৫), আল নোমান সাইফ (২৯), মো. জুলহাস (২৬), ইমন হোসেন খান মানিক (২৫), মো. সাগর হোসেন (২৭) ও মো. ওহিদুল ইসলাম সুমন (৩৩)।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত রোমন আজ শুক্রবার প্রথম আলোকে বলেন, গতকাল বেলা সোয়া দুইটার দিকে খবর আসে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মী মুখে মাস্ক পরে পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টারের ১ নম্বর ফটকের সামনের রাস্তায় জড়ো হয়েছেন। তাঁরা বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। তাঁরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছেন।