মিরপুরের পর এবার বাড্ডায় আগুন! দাঁড়িয়ে থাকা বাসে আগুনের তাণ্ডব, আতঙ্কে রাজধানী – DesheBideshe



ঢাকা, ১৯ সেপ্টেম্বর – রাজধানীতে থামছেই না বাসে অগ্নিকাণ্ডের ঘটনা। মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মধ্য বাড্ডা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে পার্ক করে রাখা ‘আলিফ এন্টারপ্রাইজ’-এর স্টাফ বাসটিতে হঠাৎ এই আগুন লাগে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল জানান, রাত ৭টা ৫০ মিনিটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগে।

তিনি আরও বলেন, “আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।”

এক সন্ধ্যায় ৩ বাসে আগুন

এর আগে একই সন্ধ্যায় স্বল্প সময়ের ব্যবধানে রাজধানীর মিরপুরের দুটি ব্যস্ততম পয়েন্টে দুটি বাসে আগুন লাগে। সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর-১১ নম্বর এলাকায় এবং সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর-১ নম্বরে বাস দুটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একই সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাড্ডার মতো গুরুত্বপূর্ণ এলাকায় একের পর এক বাসে আগুনের ঘটনায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে।

এনএন/ ১৯ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top