কক্সবাজারের উখিয়ায় মিনি ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটর আরোহী একজন নিহত এবং পথচারিসহ দুজন আহত হয়েছে।
রোববার রাত ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী পাড়া রাস্তার মাথা নামক এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জুনায়েদ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হাবিব উল্লাহ’র ছেলে। আহতদের মধ্যে একজন মোটর সাইকেল আরোহী এবং অপরজন পথচারী।
হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম চ্যানেল আইকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে সাইফুল ইসলাম বলেন, রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরী রাস্তার মাথা নামক এলাকায় সড়কে একটি মিনি ট্রাক গতিপথের দিক পরিবর্তন করতে মোড় নিচ্ছিল। এসময় কোটবাজার স্টেশন দিক থেকে আসা একটি মোটরসাইকেলের গাড়ীটির সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুইজন আরোহী এবং এক পথচারী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছে পুলিশ। ঘটনার পরপরই মিনি ট্রাকটি ফেলে চালক পালিয়ে গেছে।
নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান সাইফুল ইসলাম।







