
প্রাকৃতিক পরিবেশে মিথিলা একটি ছবি তুলেছেন, যেখানে তিনি সুন্দরভাবে দেখাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
দুই দশকের পেশাগত জীবনে নতুন অধ্যায়ে পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা। ব্র্যাকের সঙ্গে দুই দশকের কর্মজীবন শেষে এবার যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব নিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন তিনি।
নিজের নতুন পেশাগত যাত্রার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন মিথিলা।
সেখানে তিনি জানান, ব্র্যাকের সঙ্গে তার দুই দশকের সম্পর্কের মধ্যে ১৫ বছর কেটেছে ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করে। এবার তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন।
নতুন দায়িত্বে মিথিলা নিউ ইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ উদ্যোগের নকশা ও মূল্যায়নে নেতৃত্ব দেবেন বলে জানান। প্রারম্ভিক শৈশব বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা ও কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করবে এই উদ্যোগ। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশু ও তাদের পরিবারকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, সেবা ও সহায়ক পরিবেশের সঙ্গে যুক্ত করাই এর অন্যতম লক্ষ্য।
নিজের আন্তর্জাতিক উন্নয়ন খাতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের প্রয়োজনের সঙ্গে গবেষণার লক্ষ্যকে সমন্বয় করতে চান মিথিলা। একই সঙ্গে গবেষণালব্ধ তথ্য ও প্রমাণের মাধ্যমে কার্যকর কর্মসূচি তৈরিতে অবদান রাখার প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন দায়িত্বের পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে অ্যাডজাংক্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবেও শিক্ষকতা শুরু করেছেন মিথিলা। সেখানে তিনি ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াবেন। বাস্তব জীবনে ননপ্রফিট প্রতিষ্ঠানগুলোর কাজ ও অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়াই তাঁর অন্যতম লক্ষ্য।
নতুন এই যাত্রায় ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতাও জানান মিথিলা। দীর্ঘদিনের কর্মজীবনে ব্র্যাক তার পেশাগত পথচলা গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিবেশ ও মেধাবী গবেষকদের সঙ্গে কাজের সুযোগকে নিজের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার নতুন সম্ভাবনা হিসেবে দেখছেন মিথিলা।
পোস্টের শেষ দিকে নতুন পেশাগত যাত্রার জন্য সবার দোয়া চান মিথিলা।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

