মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদের যোগদান – DesheBideshe

মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদের যোগদান – DesheBideshe

মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদের যোগদান – DesheBideshe

চট্টগ্রাম, ২৭ ফেব্রুয়ারি – মিডল্যান্ড ব্যাংক পিএলসি তাদের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ইমতিয়াজ ইউ. আহমেদকে নিয়োগ প্রদান করেছে।

আর্থিক সেবা খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বগুণসম্পন্ন এই দক্ষ পেশাজীবী এমন এক গুরুত্বপূর্ণ সময়ে ব্যাংকটিতে যোগদান করলেন যখন প্রতিষ্ঠানটি বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমে গতিশীলতা আনয়নে কাজ করছে। ইমতিয়াজ ইউ. আহমেদ শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট ও প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মাধ্যমে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন।

তার কর্মদক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং এবং রপ্তানি অর্থায়ন বা ট্রেজারি ব্যবস্থাপনা। তিনি পারফরম্যান্স ম্যানেজমেন্ট ও রূপান্তরমূলক এজেন্ডার মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে ধারাবাহিকভাবে সাফল্য দেখিয়েছেন এবং পোর্টফোলিওর গুণগত মান উন্নয়নে ভূমিকা রেখেছেন।

ব্যাংকিং খাতে তার পঁচিশ বছরেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবন রয়েছে যার মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইস্টার্ন ব্যাংক পিএলসিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন অন্যতম। ব্যাংকিং পেশায় যুক্ত হওয়ার আগে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ক্যাপিটাল মার্কেটস এবং কেপিএমজি রহমান রহমান হকে অডিটর হিসেবে পেশাগত ভিত্তি গড়ে তোলেন।

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এই শীর্ষ নির্বাহী দেশ ও বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তার কৌশলগত দৃষ্টিভঙ্গি ও কারিগরি দক্ষতার সমন্বয়ে মিডল্যান্ড ব্যাংক দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সফল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top