মাহফুজ আলমের নেতৃত্বে ‘অল্টারনেটিভস’ প্ল্যাটফর্মে রাজনৈতিক সংলাপের যাত্রা শুরু – DesheBideshe

মাহফুজ আলমের নেতৃত্বে ‘অল্টারনেটিভস’ প্ল্যাটফর্মে রাজনৈতিক সংলাপের যাত্রা শুরু – DesheBideshe

মাহফুজ আলমের নেতৃত্বে ‘অল্টারনেটিভস’ প্ল্যাটফর্মে রাজনৈতিক সংলাপের যাত্রা শুরু – DesheBideshe

ঢাকা, ৭ মার্চ – দেশের সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সংলাপের উদ্দেশ্যে ‘অল্টারনেটিভস’ নামে একটি সংলাপভিত্তিক প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, সরাসরি রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আগে সারা দেশে মানুষের সঙ্গে সংলাপ শুরু করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘অল্টারনেটিভস’-এর একটি পোস্ট শেয়ার করেন মাহফুজ আলম। ওই পোস্টে প্ল্যাটফর্মটির একটি আলোচনা সভা এবং কার্যক্রম শুরুর বিষয়ে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি যুক্ত ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের আকাঙ্ক্ষা ও প্রশ্ন শোনা এবং তা বোঝার লক্ষ্য নিয়ে গঠিত রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ তাদের প্রথম কর্মসূচি হিসেবে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তন-এ এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন মাহফুজ আলম। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের জন্য রাষ্ট্র পুনর্গঠন, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কার এবং দীর্ঘদিনের বৈষম্য ও নিপীড়নের সংস্কৃতি ভাঙার একটি ঐতিহাসিক সুযোগ তৈরি করেছিল। তবে কিছু আংশিক সংস্কার ছাড়া প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়িত হয়নি; বরং পুরোনো ব্যবস্থাই নতুন রূপে ফিরে এসেছে।

তিনি আরও বলেন, বিপ্লবোত্তর সময়ে সুস্পষ্ট লক্ষ্য, কাঠামোগত নেতৃত্ব এবং জনগণের সঙ্গে জবাবদিহিমূলক সম্পর্ক গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় সংকট আরও গভীর হয়েছে। বিচারহীনতা, বৈষম্যের ধারাবাহিকতা, পুরোনো প্রশাসনিক ও পুলিশি কাঠামোর টিকে থাকা, শিক্ষাব্যবস্থার ভাঙন এবং কর্মসংস্থানের সংকট—সব মিলিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বক্তব্যে তিনি বলেন, এই সংকট থেকে উত্তরণের পথ হলো জনগণের সঙ্গে নিরবচ্ছিন্ন সংলাপ, আত্মসমালোচনা এবং বৃহত্তর সামাজিক-রাজনৈতিক সংহতি গড়ে তোলা। পাশাপাশি জুলাই প্রজন্মের রাজনৈতিক শিক্ষাদান, তরুণদের আকাঙ্ক্ষা ও হতাশা বোঝা এবং শ্রমিক, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

এনএন/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top