
কুয়ালালামপুর, ৬ এপ্রিল – মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি প্রবাসী এবং স্থানীয় এক নাগরিক প্রাণ হারিয়েছেন।
রবিবার বিকেলে একটি এক্সপ্রেসওয়েতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
কুয়ালালামপুর সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক্সপ্রেসওয়ের মাঝখানের লেনে ইঞ্জিন বিকল হয়ে একটি লরি দাঁড়িয়ে ছিল। ওই সময় পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি দেখতে পেয়ে সহায়তার উদ্দেশ্যে সেখানে আরও একটি লরি থামে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা তৃতীয় একটি দ্রুতগামী লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা সব কটি যানবাহনকেই একসঙ্গে ধাক্কা দেয়।
নিহত ওই বাংলাদেশি প্রবাসী পিকআপ ভ্যানটির চালক ছিলেন। দুর্ঘটনার সময় তিনি এবং স্থানীয় ওই লরিচালক নিজেদের গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। পেছন থেকে আসা লরির ধাক্কায় তারা অন্য গাড়ির নিচে চাপা পড়েন। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩৫ ও ৪৩ বছর বয়সী দুজন মালয়েশিয়ান এবং ৩৮ বছর বয়সী একজন বিদেশি নাগরিক রয়েছেন।
প্রাথমিক তদন্ত শেষে কর্তৃপক্ষ জানিয়েছে, পেছন থেকে আসা সর্বশেষ লরিটির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত চালকের শ্বাস পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়নি। তবে তার মাদক পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছে পুলিশ।
এনএন/ ৬ এপ্রিল ২০২৬






