মালদ্বীপে এমডিপির বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ | চ্যানেল আই অনলাইন

মালদ্বীপে এমডিপির বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ | চ্যানেল আই অনলাইন

মালদ্বীপে বিরোধী দল মালদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) সমাবেশ পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। স্থানীয় গণমাধ্যম সান এমভি জানিয়েছে, রাজধানী মালের লুতুভালাইফিতে শুক্রবার ৩ অক্টোবর রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। তবে, গ্রেপ্তারের সঠিক সংখ্যা নিশ্চিত করা হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন, এমডিপির আচরণ ইঙ্গিত দেয় যে, তাদের সমাবেশ শান্তিপূর্ণ হওয়ার উদ্দেশ্যে ছিল না। তিনি উল্লেখ করেন, এমডিপি মাজিদী মাগু (একটি প্রধান সড়ক) ধরে মিছিলের অনুমতি চেয়েছিল। কিন্তু যানজট ও নিরাপত্তার কারণে পুলিশ বিকল্প রুট অনুমোদন করে। তবে, বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিত রুটেই এগোতে চাইলে পুলিশ হস্তক্ষেপ করে।

পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীরা কর্মকর্তাদের দিকে জিনিসপত্র নিক্ষেপ করেছে এবং তাদের দায়িত্ব পালনে বাধা দিয়েছে। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিক্ষোভ মধ্যরাতের পর শেষ হয়। এমডিপি অভিযোগ করেছে, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করেছে। এ সময় মালদ্বীপ রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

Scroll to Top