মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে | চ্যানেল আই অনলাইন

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে | চ্যানেল আই অনলাইন

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই তার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা সামনে রেখে এই সফর নির্ধারিত ছিল।

শনিবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, ‌‌‘‘আমি এইমাত্র পাকিস্তানে ইরানিদের সঙ্গে দেখা করতে যাওয়া আমার প্রতিনিধিদের সফর বাতিল করেছি।’

সফর বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, ভ্রমণে অনেক সময় নষ্ট হচ্ছে, প্রচুর কাজ পড়ে আছে! এছাড়াও তাদের (ইরানের) ‘নেতৃত্বের’ মধ্যে চরম অন্তর্কোন্দল এবং বিভ্রান্তি বিরাজ করছে। এমনকি তারা নিজেরাও জানেন না, এখন তাদের দায়িত্বে কে আছেন।

এই সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যাওয়ার কথা ছিল জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের। তবে হঠাৎ করেই সেই পরিকল্পনা বাতিল করা হয়।

এ বিষয়ে বিশ্লেষণ দিতে গিয়ে সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মার্ক কিমমিট বলেন, ইরানের ভেতরে একাধিক ক্ষমতার কেন্দ্র থাকার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার মতে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো একক নেতৃত্ব সেখানে স্পষ্ট নয়।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র হয়তো ইসলামাবাদে বৈঠকের জন্য প্রস্তুত ছিল, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ভিন্ন অবস্থান নিয়েছেন। এদিন ইসলামাবাদ সফর শেষে তার ফিরে যাওয়ার ঘটনাও পরিস্থিতিকে জটিল করেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল ইসলামাবাদ সফর শেষ করে পাকিস্তান ত্যাগ করেছে। শনিবার দিনভর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর পাকিস্তান ত্যাগ করেন তারা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আব্বাস আরাঘচির সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানান।

এক্সে শেহবাজ শরিফ লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে অত্যন্ত উষ্ণ ও আন্তরিক মতবিনিময় হয়েছে। আমরা পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি।

Scroll to Top