‘পেরুর এখন দুঃসময়, আর যে কেউ এমন সময়ে দেশের জন্য এগিয়ে আসতে পারেন। আপনি আমাকে বলতে পারেন জরুরি অবস্থার প্রার্থী।’ ১৯৮৯ সালে মার্কিন সাংবাদিক এড ব্র্যান্ডির মুখোমুখি বসে মারিও বার্গাস য়োসা নিজের সম্পর্কে এ কথা বলেছিলেন। তত দিনে লোকটা বিখ্যাত লেখক, সাহিত্যে নোবেল ছাড়া সম্ভাব্য আর সবকিছুই জয় করেছেন, নিজের দেশ ছাপিয়ে তাঁর খ্যাতি ছড়িয়েছে লাতিন আমেরিকাসহ গোটা এস্পানলভাষী অঞ্চলে, ইউরোপে আর উত্তর আমেরিকায়ও। সেই লোক লড়ছিলেন নিজ দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তখন তিনি আর বামও নন, পেরুর মধ্যম ডানপন্থী কোয়ালিশন ডেমোক্রেটিক ফ্রন্টের মুখপাত্র।
শুধু পেরু নয়, মারিওর প্রজন্মে লাতিন আমেরিকার প্রায় সব দেশের লেখকেরাই রাজনৈতিকভাবে দারুণ সক্রিয় ছিলেন। য়োসার তো পরিবারটাই ছিল রাজনৈতিক। ওঁর নানা ছিলেন তৎকালীন পেরুর প্রধানমন্ত্রী হোসে বাসতামানতে ই রিভিয়েরোর নিকটাত্মীয়। ১৯৪৮ সালে এই বাসতামানতের সরকারকে সরিয়েই ক্ষমতা দখল করেন সেনা কর্মকর্তা মানুয়েল ওদরিয়া। ওদরিয়ার আট বছরের শাসনকাল পরবর্তীকালে হয়ে ওঠে তর্কসাপেক্ষে য়োসার সেরা উপন্যাস কনভার্সেশন ‘ইন দ্য ক্যাথিড্রাল’-এর ভিত্তি।
খালি চোখে দেখলে তাঁর লেখালেখির জীবন ভরে আছে তুখোড় সব রাজনৈতিক ও ঐতিহাসিক আখ্যানে, যেখানে কখনো তিনি মিশিয়েছেন থ্রিলারের উপাদানও, করেছেন স্বৈরতন্ত্র ও রাষ্ট্রীয় দুর্নীতির সমালোচনা, উঠিয়ে এনেছেন কাল্ট আন্দোলন, রাজনৈতিক ঘটনা ও ব্যক্তিত্বদের সংগ্রাম। আর এসব উপন্যাসের বিষয়বস্তু পেরুকে ছাপিয়ে গেছে; কখনো ব্রাজিলে, কখনো গ্রেটার ক্যারিবিয়ান অঞ্চল, এমনকি আয়ারল্যান্ডের ইতিহাসেও। কিন্তু একটু গভীরে তাকালে বোঝা যায়, এককালের ঘনিষ্ঠ বন্ধু ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের মতো য়োসার লেখালেখিও তাঁর জীবন অভিজ্ঞতা থেকেই উৎসারিত। আর তাঁর জীবনও যেন উৎসারিত তাঁর সাহিত্যকর্ম থেকে।



