লিভার-সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পর শুক্রবার দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
গণমাধ্যমকে কায়সার হামিদ জানান, চিকিৎসাধীন অবস্থায় কারিনার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। তিনি বলেন, “ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ ওর প্রেশার অনেক নিচে নেমে যায়। এরপর ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।”
গত সোমবার দিবাগত রাতে জেট এয়ার অ্যাম্বুলেন্সে করে কারিনাকে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। তার সঙ্গে ছিলেন মা লোপা কায়সার। সম্ভাব্য লিভার ডোনার হিসেবে গিয়েছিলেন তার দুই ভাই মোস্তফা এস. হামিদ ও সাদাত হামিদও।
এর আগে গত শুক্রবার রাত থেকে লাইফ সাপোর্টে ছিলেন কারিনা। কয়েক দিন ধরে অসুস্থ থাকার পর তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন। এর সঙ্গে আগে থেকেই থাকা ফ্যাটি লিভারের জটিলতা যুক্ত হয়ে একপর্যায়ে তার লিভার ফেইলিউর হয়।
কারিনার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারকে চরম আর্থিক সংকটের মধ্যেও পড়তে হয়। হাসপাতালের বিল ও এয়ার অ্যাম্বুলেন্সের খরচ মেটাতে ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছিলেন কায়সার হামিদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ কারিনা কায়সারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগী ও শোবিজ অঙ্গনের সহকর্মীরা।




