এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নরসিংদীর পলাশে চোর সন্দেহে একজনকে মারধরের প্রতিবাদ জানাতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে সহোদর দুই ভাই নিহত হয়েছেন।
সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
;
নিহতরা হলেন, পলাশ উপজেলার কর্তেতৈল এলাকার আশরাফ উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তেতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদী এলাকার লোকজন চোর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যার দিকে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ কয়েকজন। পরে সেখানে তাদেরও আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
খবর পেয়ে তাদের বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরকেও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব।
পরিবারের দাবি, চোর নয় চাঁদা না দেয়ায় পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চোর সন্দেহে একজনকে সকালেই পিটুনি দেয় স্থানীয়রা। সকালে আহত হিমেলকে পুলিশের তত্ত্বাবধানে চিকিৎসা দেয়া হয়। ধারণা করা হচ্ছে, এরই প্রতিবাদ করতে গিয়ে পুনরায় পিটুনির ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজন সদর হাসপাতালে এবং অপরজন ঢাকায় নেয়ার পথে মারা যায়। তদন্ত শেষে বিস্তারিত ঘটনা বলা যাবে।


