‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’ | চ্যানেল আই অনলাইন

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’ | চ্যানেল আই অনলাইন

জনগণই বিএনপির সব ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষ যেন ঠিকমতো বিদ্যুৎ ও গ্যাস পায়, সে বিষয়ে সংসদে সরকারের পরিকল্পনা তুলে ধরা হবে। তিনি বলেন, ‘আপনারা পরিকল্পনা দেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করবেন না।’

রোববার (৯ আগস্ট) দুপুরে পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই সরকারের দায়িত্ব দেশের মানুষের পাশে থাকা এবং তাদের সুখে-দুঃখে থাকা। চলতি অর্থবছরে ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি।

লবণের মূল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আলোচনা করে লবণের মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে লবণ চাষিদের কষ্ট করতে হবে না।

তিনি বলেন, ‘বিশাল সমুদ্র আমাদের সম্পদ। এই সমুদ্রকে ব্যবহার করে কীভাবে দেশের উন্নয়ন করতে পারি, সেই কাজ করছি। এই জন্য আজকে আমি মাতারবাড়ি গিয়েছিলাম।’

স্বাস্থ্যসেবা নিয়ে তারেক রহমান বলেন, ৫০ শয্যার হাসপাতালগুলোকে প্রতিটি উপজেলায় ১০১ শয্যায় উন্নীত করা হবে।

তিনি বলেন, ‘এই কাজগুলো যদি আমাদের করতে হয়, তার পূর্বশর্ত হচ্ছে দেশে মানুষের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় থাকা। নইলে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না।’

যারা অশান্তি সৃষ্টি করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভ্রান্তকারীরা যেন সুযোগ না পায়।

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদের সময় জ্বালানি ব্যবস্থা গুটিকয়েকজনের হাতে ছিল, জনগণের জন্য নয়।’

Scroll to Top