
মাদ্রিদ, ১০ মে – নেটফ্লিক্সের জনপ্রিয় স্প্যানিশ ওয়েব সিরিজ মানি হাইস্ট বা লা কাসা দে পাপেল বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ২০২১ সালে পাঁচটি সিজন শেষ হওয়ার পর ভক্তদের মনে এর ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন ছিল। সম্প্রতি সেভিলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নেটফ্লিক্স একটি নতুন টিজার প্রকাশ করে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এই টিজারে পূর্বের আইকনিক ডাকাতির দৃশ্যগুলোর পাশাপাশি নতুন অভিযানের ইঙ্গিত দেওয়া হয়েছে।
সেভিলের গুয়াদালকুইভির নদীতে একটি বর্ণিল নৌকা শোভাযাত্রার মাধ্যমে এই ঘোষণা দেয় স্ট্রিমিং জায়ান্টটি। অনুষ্ঠানে লাল জাম্পস্যুট ও ডালির মুখোশ পরা অভিনেতারা অংশ নেন এবং সিরিজের সিগনেচার গান বেলা চাও পরিবেশন করা হয়। তবে ভিডিওটি কি সিরিজের ষষ্ঠ সিজনের আগাম বার্তা নাকি নতুন কোনো স্পিন অফের ঘোষণা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
নির্মাতা অ্যালেক্স পিনা ও নেটফ্লিক্স কর্তৃপক্ষ বিষয়টি এখনো খোলসা করেনি। এরই মাঝে নেটফ্লিক্স জানিয়েছে যে আগামী ১৫ মে বার্লিন সিরিজের দ্বিতীয় সিজন মুক্তি পাবে। এই সিজনে অভিনেতা পেদ্রো আলোনসোকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।
সিরিজের গল্পে বার্লিন এবং তার দল মালাগার ডিউকের বিরুদ্ধে নতুন অভিযানে নামবে। উল্লেখ্য যে মানি হাইস্ট সিরিজটি এর আগে কোরিয়ান রিমেক এবং বার্লিন নামক প্রিক্যুয়েল স্পিনঅফের মাধ্যমে নিজের জগতকে বিস্তৃত করেছে।
এস এম/ ১০ মে ২০২৬






