সাইফুল ইসলাম : মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের পাশে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের পাশে একটি কাঁচের বোতলে আগুন জ্বলতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, জেলা বিএনপি কার্যালয়ের পাশে কাঁচের বোতলে কেরোসিন তেল ভরে আগুন ধরিয়ে ফেলে রাখা হয়েছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে কেরোসিন তেল ভর্তি একটি কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয়দের ধারণা, এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন।
উল্লেখ্য, আগামী ১৯ নভেম্বর দেশজুড়ে সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলাসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে।


