মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

মাদকবিরোধী অভিযানে মাদক কারবারির মৃত্যু | চ্যানেল আই অনলাইন

মাগুরার মহম্মদপুর উপজেলার চরপাড়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় আকুব্বর মোল্লা (৩৫) নামে এক কথিত মাদক কারবারির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মাজেদ মোল্লার ছেলে।

রোববার (১২ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাহারা ইয়াসমিন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে একটি দল আকুব্বর মোল্লার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আকুব্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সেলিনা ঝরা বলেন, দুপুরে আকুব্বর মোল্লা নামে একজনকে হাসপাতালে আনা হয়। তখন তার শরীরে কোনো পালস বা রক্তচাপ ছিল না। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

Scroll to Top