অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। চার ঘণ্টার অপারেশন শেষে চিকিৎসকের বরাতে খবরটি জানিয়েছেন নির্মাতা ইমরাউল রাফাত।
এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আল্লাহর অশেষ রহমতে অভিনেত্রী তানিয়া বৃষ্টির সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার (তানিয়া বৃষ্টি) শরীর থেকে টিউমার অপসারণ করতে সক্ষম হন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।
ইমরাউল রাফাত বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, পোস্ট-অপারেটিভ কিছু জটিলতার সম্ভাবনা থাকায় এই মুহূর্তে তাকে সম্পূর্ণ শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে পরিবার।
একই সঙ্গে অনুরোধ করা হয়েছে, হাসপাতালে অযথা ভিড় না করতে এবং অতিরিক্ত ফোনকল দিয়ে পরিবারের সদস্যদের বিব্রত বা উদ্বিগ্ন না করতে।
বেশকিছু দিন ধরে অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ ছিলেন। কখনও তীব্র মাথা ব্যথা অনুভব করতেন, কখনও বা জ্বর-ঠাণ্ডা লেগে থাকতো তার। দুই হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করার পর তার ‘ব্রেন টিউমার’ ধরা পড়ে।
শনিবার বিকেলে চিকিৎসকের পরামর্শে রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির মাথায় অস্ত্রোপচার করা হচ্ছে।
এরআগে চ্যানেল আই অনলাইনকে খবরটি জানান নির্মাতা সকাল আহমেদ। তিনি বলেন, রবিবার বিকেল সাড়ে চারটায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শুরু হয়েছে, রাত আটটা পর্যন্ত চলবে। চিকিৎসকরা কোনো রিস্ক নিতে চাননি। এজন্য তাকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
শনিবার সন্ধ্যায় ভেরিফায়েড ফ্যান পেজ থেকে দেয়া এক পোস্টে তানিয়া জানিয়েছিলেন, তার মাথায় সার্জারি করতে হবে। তিনি সকলের দোয়া চেয়েছেন।




