মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম | চ্যানেল আই অনলাইন

মাঠে অসুস্থ হয়ে হাসপাতালে তামিম | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে।

;

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন, ‘তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে ওঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। অধিনায়ক হিসেবে টসে অংশ নেন তামিম। এরপর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় তামিমকে। অবস্থার উন্নতি না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন টাইগারদের ৩৬ বর্ষী বাঁহাতি তারকা ব্যাটার।

সাবেক অধিনায়ক হুট করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্ধারিত জরুরি সভা স্থগিত করেছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

Scroll to Top