রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও দুইজন রোগী আজ রোববার (১০ আগস্ট) সুস্থ হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (এনআইবিপিএস) থেকে রিলিজ পেয়েছেন।
রিলিজ পাওয়ারা হলেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী নুরি জান্নাত ইউশা (১১) এবং বিজ্ঞান শিক্ষক সুমাইয়া রহমান লরিন।
বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউট থেকে মোট ১৪ জন রোগী রিলিজ পেয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪ জন। পাশাপাশি, গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১ জন রোগী।
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট কর্তৃপক্ষ এ বিষয়ে আরও জানান যে, বাকি রোগীদের স্বাস্থ্য পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে রয়েছে।





