
দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে হাজির হচ্ছে মহালয়া। দেবীপক্ষের সূচনাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও থাকছে বিশেষ আয়োজন। বিশেষ করে কলকাতার টেলিভিশন চ্যানেলগুলোতে থাকছে বর্ণিল আয়োজন।
এসব আয়োজনে দেবী দুর্গার বিভিন্ন রূপে দেখা যাবে টালিউডের চার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কিতা মল্লিক, দিতিপ্রিয়া রায় ও পায়েল দেকে।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টায় স্টার জলসা, জি বাংলা, সান বাংলা ও কালার্স বাংলায় প্রচারিত হবে মহালয়ার বিশেষ অনুষ্ঠানগুলো। ইতিমধ্যে চ্যানেলগুলো প্রকাশ করেছে এসব অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিও।
স্টার জলসার ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠানে দেবী দুর্গার ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার সঙ্গে মহাদেবের চরিত্রে অভিনয় করবেন রণজয় বিষ্ণু। অনুষ্ঠানে পার্বতী ও মহিষাসুরমর্দিনী, দুই রূপেই দেখা যাবে শুভশ্রীকে।
দেবীর সাতটি রূপ পার্বতী, কৌশিকী, ভ্রমরী, তারা, চামুণ্ডা, কালী ও কামাখ্যার পৌরাণিক কাহিনি, মাহাত্ম্য ও শক্তি তুলে ধরা হবে এতে। অন্যদিকে, তৃণা সাহা কৌশিকী, মানালি দে ভ্রমরী, সুস্মিতা দে তারা, স্বস্তিকা দত্ত চামুণ্ডা, স্নেহা কালী এবং হিয়া মুখোপাধ্যায় কামাখ্যার চরিত্রে অভিনয় করবেন।
জি বাংলার মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’তে তুলে ধরা হবে আদ্যাশক্তির বিভিন্ন রূপ ও তাদের মাহাত্ম্য। পাশাপাশি থাকবে ভগবান রামের অকালবোধনের কাহিনি, অর্থাৎ রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে রামের দেবী দুর্গার আরাধনা। এই আয়োজনে মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিককে।
মহাদেবের চরিত্রে থাকছেন রুবেল দাস এবং মহিষাসুরের ভূমিকায় নাইজেল। রাম ও সীতার চরিত্রে অভিনয় করবেন অভিষেক বসু ও ইশা সাহা। এ ছাড়া পার্বতী হিসেবে শ্বেতা ভট্টাচার্য, স্কন্দমাতা হিসেবে পল্লবী শর্মা, মহালক্ষ্মী হিসেবে তানিক্ষা তিওয়ারি, বিন্ধ্যবাসিনী হিসেবে ঈশানি চট্টোপাধ্যায়, শিবদূতী হিসেবে দেবাদৃতা বসু এবং ভদ্রকালীর ভূমিকায় থাকছেন আরাত্রিকা মাইতি।
সান বাংলার মহালয়া বিশেষ ‘অভয়শক্তি যুগে যুগে অপরাজিতা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমবার দেবী দুর্গার ভূমিকায় আসছেন দিতিপ্রিয়া রায়। এতে দেবীর একাধিক রূপে দেখা যাবে তাকে। পার্বতী, উগ্রচণ্ডী ও ভদ্রকালীর মতো শক্তিশালী রূপে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।
অন্যদিকে, কালার্স বাংলার ‘শক্তিস্বরূপা মহাদুর্গা’ অনুষ্ঠানে আবারও মহামায়ার ভূমিকায় ফিরছেন পায়েল দে। এর আগে টেলিভিশনে দুর্গারূপে অভিনয় করেছেন তিনি। কয়েক বছর বিরতির পর গত বছর মহালয়ার আয়োজনে মহামায়া হিসেবে ফিরেছিলেন পায়েল। এবার দেবীর দশ মহাবিদ্যার রূপে দেখা যাবে তাকে। অনুষ্ঠানে দক্ষের যজ্ঞ ধ্বংস এবং চণ্ড-মুণ্ড ও রক্তবীজের মতো অসুরদের বধের কাহিনির মধ্য দিয়ে দেবীর শক্তি ও মহিমা তুলে ধরা হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

