মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি, সাটুরিয়ায় যুবক গ্রেফতার

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি, সাটুরিয়ায় যুবক গ্রেফতার

সাইফুল ইসলাম : ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি, সাটুরিয়ায় যুবক গ্রেফতার

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাটুরিয়া উপজেলার কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম মোঃ পারভেজ হোসেন ইমন (২৭)। তিনি কান্দাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ কান্দাপাড়া এলাকায় অবস্থিত মকবুল হোসেনের কাপড়ের দোকানে বসে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেন পারভেজ হোসেন ইমন। এ সময় দোকানে উপস্থিত অন্যান্য লোকজনের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়।

ঘটনার পর থেকে স্থানীয় কান্দাপাড়া বাজার জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মুসল্লি ও স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

খবর পেয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন এবং সাটুরিয়া থানার ওসি নজরুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করেন এবং পারভেজ হোসেন ইমনকে থানায় নিয়ে যান।

অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী জানান, মহানবী (সাঃ)-কে নিয়ে কটুক্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Scroll to Top