মস্কোর কেন্দ্রে পুলিশ ভ্যানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১ – DesheBideshe

মস্কোর কেন্দ্রে পুলিশ ভ্যানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১ – DesheBideshe

মস্কোর কেন্দ্রে পুলিশ ভ্যানে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১ – DesheBideshe

রাশিয়া, ২৪ ফেব্রুয়ারি – রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে একটি পুলিশ টহল গাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরের দিকে ঘটা এই বিস্ফোরণে আরও দুই ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে সাভিওলোভস্কি রেলস্টেশন চত্বরে এই ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী একজন হামলাকারী ট্রাফিক পুলিশের একটি টহল গাড়ির দিকে এগিয়ে গিয়ে নিজের কাছে থাকা বিস্ফোরক ডিভাইসটির বিস্ফোরণ ঘটায়।

ওই সময় পুলিশ সদস্যরা গাড়ির ভেতরে অবস্থান করছিলেন। বিস্ফোরণের পর ঘটনাস্থলেই হামলাকারীর মৃত্যু হয় এবং পুলিশের গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও এতে আগুন ধরেনি। ঘটনাস্থল পরিদর্শন এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর হামলাকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রাশিয়ার প্রধান অপরাধ তদন্ত সংস্থা বা ইনভেস্টিগেটিভ কমিটি অব রাশিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যাচেষ্টা এবং অবৈধ বিস্ফোরক বহনের অভিযোগে মামলা দায়ের করেছে।

বিস্ফোরকের ধরন বা হামলার মূল উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার অভ্যন্তরে সামরিক ও পুলিশ কর্মকর্তাদের ওপর সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় এই ঘটনাটি ঘটল বলে ধারণা করা হচ্ছে।

এ এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top