
ঢাকা, ১১ মার্চ – বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান এবং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের চলাফেরা এবং কথাবার্তায় মার্জিত ও সতর্ক থাকার কড়া নির্দেশ দিয়েছেন।
বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় তিনি এই পরামর্শ দেন।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানিয়েছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও সংসদ সদস্যদের অত্যন্ত সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার ওপর যে দায়িত্ব অর্পিত রয়েছে, তার বাইরে যেন কেউ কোনো মন্তব্য না করেন সে বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।
সকাল সোয়া ১১টায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়ে বেলা ১টায় শেষ হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপর বক্তব্য দেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভার মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্য পাশে চিফ হুইপ নুরুল ইসলাম মনি অবস্থান করেন।
এ দিনের সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি এবং সামনের দিনগুলোতে করণীয় সম্পর্কে মন্ত্রী ও সংসদ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি জানান, ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন এবং এটাই হচ্ছে বিএনপি। এই বিএনপিকেই মানুষ দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন। সভায় বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচির প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, দ্রুত সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করা হবে। সামনে ডেঙ্গুর মৌসুম থাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সবাইকে তিনি সতর্ক করে দেন।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে ১৪ মার্চ থেকে দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলা হয়। জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের নোট অব ডিসেন্ট বা ভিন্নমত রয়েছে। সরকার কেবল সেসব বিষয় বাস্তবায়নের উদ্যোগ নেবে যেগুলো বাস্তবসম্মত।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে সরকার ততটুকুই বাস্তবায়ন করবে। সভায় মন্ত্রিসভার তরুণ সদস্যদের নিয়মিত ও সময়মতো অফিস করার ওপর বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মন্ত্রিসভায় অনেক জ্যেষ্ঠ নেতা রয়েছেন তবে তরুণদের অবশ্যই সকাল নয়টার মধ্যে অফিসে পৌঁছাতে হবে। অফিসে যাওয়া ও আসার ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন তিনি এবং সভায় উল্লেখ করেন যে তিনি নিজেও ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলেন।
এছাড়া দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের চাপ সৃষ্টি করছে।
সংসদীয় দলের এই সভায় জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সংসদ অধিবেশন শুরুর পর শুক্র ও শনিবার দুই দিন বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ পুনরায় সংসদ বসবে। ওই দিন মুলতবি হওয়ার পর ঈদুল ফিতরের ছুটি শেষে আগামী ২৯ মার্চ থেকে আবার অধিবেশন শুরু হবে।
এনএন/ ১১ মার্চ ২০২৬





