মধ্যপ্রাচ্যে সংঘাত: আইসিসির বিশেষ বিমানে ভারত ছাড়ছেন আটকে পড়া ক্রিকেটাররা – DesheBideshe

মধ্যপ্রাচ্যে সংঘাত: আইসিসির বিশেষ বিমানে ভারত ছাড়ছেন আটকে পড়া ক্রিকেটাররা – DesheBideshe

মধ্যপ্রাচ্যে সংঘাত: আইসিসির বিশেষ বিমানে ভারত ছাড়ছেন আটকে পড়া ক্রিকেটাররা – DesheBideshe

তেহরান, ৭ মার্চ – মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এই সংঘাতের জেরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরতে পারছিলেন না ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশেষ চার্টার্ড বিমানের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করেছে।

ইএসপিএন-ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত ইংল্যান্ড দল শনিবার সন্ধ্যায় মুম্বাই থেকে সরাসরি লন্ডনের উদ্দেশে রওনা হবে। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল কলকাতা থেকে একটি চার্টার্ড ফ্লাইটে ভারত ত্যাগ করবে। জানা গেছে, এই দুটি দল প্রথমে জোহানেসবার্গে যাবে এবং সেখান থেকে অ্যান্টিগার উদ্দেশে যাত্রা করবে। তাদের প্রস্থানের সঠিক সময় চূড়ান্ত না হলেও রবিবার তারা রওনা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ আফ্রিকা দলের কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডেসহ টিম ম্যানেজমেন্টের একটি অংশ রবিবার সরাসরি নিউজিল্যান্ডের পথে রওনা দেবেন। সেখানে আগামী ১৫ মার্চ থেকে একটি সীমিত ওভারের সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পর থেকে দক্ষিণ আফ্রিকা দল এবং সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়া ওয়েস্ট ইন্ডিজ দল এত দিন কলকাতাতেই অবস্থান করছিল।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘ষষ্ঠ দিন’ লিখে একটি পোস্ট করেছেন, যার মাধ্যমে টুর্নামেন্ট শেষে কলকাতায় আটকে থাকার বিষয়টি ইঙ্গিত করেছেন। এর আগে জিম্বাবুয়ে দলও দেশে ফিরতে বিড়ম্বনায় পড়েছিল। উল্লেখ্য, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে পর্দা নামবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের।

এস এম/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top