মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ।
সোমবার ২ মার্চ জারি করা বিজ্ঞপ্তিতে প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবাইকে শান্ত থাকতে হবে এবং গুজব থেকে বিরত থাকতে হবে। সৌদি আরবের স্থানীয় আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। হটলাইন নম্বরগুলো হলো—
৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং),
৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) এবং
৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা)।



