মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রায় ৩ হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। দেশটির প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগনের) ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, মার্কিন সেনাবাহিনীর অভিজাত ৮২তম এয়ারবর্ন ডিভিশনের একটি ব্রিগেড কমব্যাট টিম দ্রুত ওই অঞ্চলে পাঠানো হতে পারে।
মঙ্গলবার (২৪ মার্চ) একটি প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, নর্থ ক্যারোলিনা ভিত্তিক এই ডিভিশনটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে দ্রুত প্রতিক্রিয়াশীল বাহিনীগুলোর একটি হিসেবে পরিচিত। জরুরি পরিস্থিতিতে তারা ১৮ ঘণ্টার মধ্যে একটি ব্যাটালিয়ন এবং ৭২ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ব্রিগেড মোতায়েন করতে সক্ষম।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবে খুব শিগগিরই পেন্টাগনের পক্ষ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৮২তম এয়ারবর্ন ডিভিশনকে প্রায়ই উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়, যাতে বিশ্বের যেকোনো সংকটপূর্ণ অঞ্চলে দ্রুত সেনা পাঠানো যায়। অতীতে ইরাক, আফগানিস্তান ও সিরিয়াসহ বিভিন্ন সংঘাতে এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে নতুন করে মোতায়েন করা সেনাদের নির্দিষ্ট ভূমিকা এখনো পরিষ্কার নয়।
তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে, নাকি ঘাঁটির নিরাপত্তা, প্রতিরক্ষা সহায়তা বা মিত্র দেশগুলোকে সমর্থন দেবে, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।



