
দোহা, ১০ মে – যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের তিন দেশ সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং কুয়েতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় কাতারের একটি বাণিজ্যিক জাহাজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও অন্য দুই দেশে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে রোববারের এই হামলার তথ্য জানানো হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের আকাশসীমায় ইরান থেকে ছোড়া অন্তত দুটি ড্রোন শনাক্ত ও প্রতিহত করা হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে বর্তমান পরিস্থিতিতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় রয়েছে। অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে আবুধাবি থেকে তাদের জলসীমায় আসা একটি পণ্যবাহী জাহাজ ড্রোন হামলার শিকার হয়েছে।
মেসাইদ বন্দরের উত্তর পূর্ব দিকে এই হামলার ফলে জাহাজটিতে সীমিত পর্যায়ে আগুন ধরে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটেনের একটি সামুদ্রিক নিরাপত্তা সংস্থা থেকেও দোহার অদূরে একটি জাহাজে হামলার খবর নিশ্চিত করা হয়েছে।
এছাড়া কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে যে রোববার ভোরে তাদের আকাশসীমায় কিছু শত্রু ড্রোন শনাক্ত করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুযায়ী এসব ড্রোন মোকাবিলা করা হয়েছে বলে দেশটির সেনাবাহিনী এক বার্তায় উল্লেখ করেছে। তবে ড্রোনগুলো ঠিক কোথা থেকে এসেছিল সে বিষয়ে কুয়েতের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
এস এম/ ১০ মে ২০২৬





