
ঢাকা, ০৪ অক্টোবর-সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রবিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পবিত্র নগরী মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনাকে বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানায়। মসজিদে নববীর সেবায় নিয়োজিত গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলাম ধর্মের পবিত্রতম স্থানগুলোর মর্যাদার ওপর এক অগ্রহণযোগ্য আঘাত।
এতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির পাশে দৃঢ়ভাবে অবস্থান করছে বাংলাদেশ সরকার। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে—এমন যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
এস এম/ ০৪ অক্টোবর ২০২৬


