
ময়মনসিংহ, ৬ মার্চ – স্টকে পর্যাপ্ত জ্বালানি থাকার পরও পেট্রল বিক্রি বন্ধ রাখার দায়ে ময়মনসিংহের ভালুকায় একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ মার্চ রাত ১০টার দিকে উপজেলার হবিরবাড়িতে অবস্থিত পলাশ ফিলিং স্টেশনের মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আদালত সূত্রে জানা যায়, হবিরবাড়িতে অবস্থিত পলাশ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তাদের স্টেশনে পর্যাপ্ত মজুদ থাকার পরও বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই পেট্রল বিক্রি বন্ধ করে দেয়। এতে স্থানীয় গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি হয়।
বিষয়টি জানতে পেরে ভালুকা মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় স্টেশনের মালিক শাহাব উদ্দিন ফরাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের পর ওই ফিলিং স্টেশনে পুনরায় পেট্রল বিক্রি স্বাভাবিক হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন জানান জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এম ম/ ৬ মার্চ ২০২৬





