মঙ্গলবার সকালে শেষ হচ্ছে প্রচার, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – DesheBideshe

মঙ্গলবার সকালে শেষ হচ্ছে প্রচার, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – DesheBideshe

মঙ্গলবার সকালে শেষ হচ্ছে প্রচার, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – DesheBideshe

ঢাকা, ৮ ফেব্রুয়ারি – আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ করার নিয়ম রয়েছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা কার্যক্রম মঙ্গলবার সকালে সমাপ্ত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত এই নির্বাচন ও গণভোট। ওই দিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ করা হবে।

শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেছে কমিশন। ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই দেশের ৪৯টি জেলায় রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে এবং অবশিষ্ট জেলাগুলোতেও দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে যাবে। এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন। ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন এবং নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন।

এছাড়া তৃতীয় লিঙ্গের ১ হাজার ২২০ জন ভোটার রয়েছেন। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে এবং সর্বোচ্চ ভোটার গাজীপুর-২ আসনে। নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৯১ জন প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী লড়ছেন ঢাকা-১২ আসনে এবং মাত্র ২ জন প্রার্থী রয়েছেন পিরোজপুর-১ আসনে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রায় ৮ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার পাশাপাশি প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮১টি দেশি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন।

এস এম/ ৮ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top