ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের ৮০৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা সরাইল উপজেলার শাহবাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন।
এসময় তিনি ভি চিহ্ন দেখিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। তিনি সাংবাদিকদের বলেন, এই আসনের অধিকাংশ কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। কেন্দ্রগুলো পাহারা দেওয়া হচ্ছে। বিএনপি জোটের প্রার্থী খেজুর গাছ প্রতীকের লোকজন কেন্দ্র দখল করতে পারে।
জেলার কোথাও কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্রগুলোতে ভোটারদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনে বিএনপি জোটের প্রার্থী গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে মোট ২৫ লাখ ৬৮ হাজার ১২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় সারাদেশের সঙ্গে একযোগে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি নির্বাচনী আসনে ভোটগ্রহণ শুরু হয়। একটানা ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
প্রতিটি আসনেই উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রকে বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



