আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটছেই না। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিসিবিকে একদিনের সময় বেধে দিয়েছে আইসিসি। বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে ভারতে না যায়, বদলে অন্যকোন দেশকে সুযোগ দেয়া হবে। ক্রিকেটের অভিভাবক সংস্থার সভায় ভোটাভুটিতে এই রায় দিয়েছে বেশিরভাগ সদস্য বোর্ড। সূত্রের বরাতে জানিয়েছে ক্রিকইনফো।
বুধবার সদস্য দেশগুলোকে নিয়ে বোর্ড সভা করেছে আইসিসি। বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু সরিয়ে নিতে বিসিবির অনুরোধ আইসিসি বোর্ড সদস্যদের ভোটে বাতিল হয়ে যায়। বাংলাদেশ না গেলে বিকল্প কোনো দলকে খেলানোর পক্ষে ভোট পড়েছে বেশি। বাংলাদেশের বাইরে কেবল আর একটি ভোট বাংলাদেশের পক্ষে গেছে বলে জানা গেছে।
সুতারং, বাংলাদেশকে ভারতেই বিশ্বকাপ খেলতে হবে বলে জানিয়েছেন আইসিসি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর একটি দিন সময় দেওয়া হয়েছে বিসিবিকে।
বুধবার আইসিসির ভার্চুয়াল সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়াসহ টেস্ট খেলুড়ে সব দেশের প্রতিনিধি, সহযোগী দেশগুলোর দুই প্রতিনিধি, আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও আইসিসির মহাব্যবস্থাপক (ইভেন্টস) গৌরাভ সাক্সেনা বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন আইসিসি দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ। গত শনিবার ঢাকায় এসে আইসিসির প্রতিনিধি হিসেবে বিসিবির সঙ্গে সভা করে গিয়েছিলেন তিনি।
বিশ্বকাপে গ্রুপ সি-তে বাংলাদেশ। টাইগারদের গ্রুপপর্বের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইতে গড়ানোর কথা। বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে বিকল্প হিসেবে স্কটল্যান্ডের জায়গা নেওয়ার সম্ভাবনা রয়েছে। স্কটল্যান্ড ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সি থেকে পিছিয়ে থেকে ২০২৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়। তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সম্ভাবনা রয়েছে তাদের।



