‘ভোটের অধিকার পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি সবাইকে সোচ্চার হতে হবে’ | চ্যানেল আই অনলাইন

‘ভোটের অধিকার পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি সবাইকে সোচ্চার হতে হবে’ | চ্যানেল আই অনলাইন

ভোটের অধিকার পুনরুদ্ধারে আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সরকার গঠন করতে পারলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে এবং দেশের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনের সময় জনগণের রাজনৈতিক ও ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করতে গিয়ে অনেক মানুষ নির্যাতনের শিকার হয়েছেন এবং আত্মত্যাগ করেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন করতে হলে শুধু সভা-সমাবেশ নয়, ভোটের মাধ্যমেই জবাব দিতে হবে।

তিনি বলেন, ‘যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তাদের উপযুক্ত জবাব দিতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে ধর্ম বা জাত নয়, মুখ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। সব ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিএনপি বিশ্বাস করে।

নারীদের বিষয়ে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। কর্মসংস্থান সৃষ্টি, প্রশিক্ষণ ও ক্ষুদ্রঋণের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করে তোলা হবে।

‘ভোটের অধিকার পুনরুদ্ধারে ১২ ফেব্রুয়ারি সবাইকে সোচ্চার হতে হবে’ | চ্যানেল আই অনলাইন
সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান।

তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতনের পর এখন দেশ গড়ার সময় এসেছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জ ও পাবনায় ছোট ছোট মিল-কারখানা থাকলেও কৃষি ও শিল্প খাতকে আরও শক্তিশালী করতে হবে। কৃষকদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

সবশেষে তিনি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় মানুষের পাশে থাকবে।

Scroll to Top