২০২৬ ফিফা বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় উঠে আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক জোসিমার জোসে এভোরা দিয়াসকে (ভোজিনহা) দলে টানতে আগ্রহ দেখিয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যামের নেতৃত্বাধীন ব্যবস্থাপনা ইতোমধ্যে ৪০ বর্ষী গোলরক্ষককে নিয়ে পরিকল্পনা শুরু করেছে।
বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ভোজিনহার অসাধারণ গোলরক্ষণের প্রদর্শনী ফুটবলবিশ্বের নজর কেড়েছে। লিওনেল মেসিদের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে তিনি কেপ ভার্দেকে লড়াইয়ে টিকিয়ে রাখেন এবং ম্যাচ হারলেও নিজের পারফরম্যান্সের মাধ্যমে প্রশংসা কুড়ান।
প্রতিবেদন অনুযায়ী, পর্তুগিজ ক্লাব জিডি শাভেস-এর সঙ্গে ভোজিনহার চুক্তির মেয়াদ ৩০ জুন ২০২৬ শেষ হয়েছে। ফলে তিনি বর্তমানে ফ্রি এজেন্ট। এতে কোন ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে নেয়ার সুযোগ পাচ্ছে ইন্টার মিয়ামি, যা ক্লাবটির জন্য বড় সুবিধা হিসেবে দেখা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এমএলএসের বেতন কাঠামোর মধ্যেও এই সম্ভাব্য চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। তাই আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারলে ভোজিনহার জন্য এটি হবে ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন। বিশ্বকাপে যার বিপক্ষে গোলপোস্ট সামলেছেন, সেই কিংবদন্তি মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ মিলতে পারে তার। ভোজিনহার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, মেসির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগকে তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ারের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন।
এর আগে স্পেনের বিপক্ষেও অতিমানবীয় পারফরম্যান্সে ম্যাচসেরা হন তিনি। এরপর তার মায়ের যুক্তরাষ্ট্রে আসতে না পারার কথা প্রকাশ্যে আনেন। বলেন অর্থাভাবে মায়ের ভিসা করাতে পারেননি। এমন খবরের পর ৪০ বর্ষী গোলকিপারের মাকে ভিসার ব্যবস্থাও করে দেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। এবার সবকিছু ঠিকভাবে এগোলে যুক্তরাষ্ট্রেরই ক্লাবে খলেবেন তিনি।




