ভেদাভেদ ভুলে সমতা ও সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য – DesheBideshe

ভেদাভেদ ভুলে সমতা ও সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য – DesheBideshe

ভেদাভেদ ভুলে সমতা ও সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির লক্ষ্য – DesheBideshe

ঢাকা, ৪ ফেব্রুয়ারি – ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অনেক সমস্যা রয়েছে এবং আমাদের সবারই সমস্যা আছে, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব।

ডা. জুবাইদা রহমান উল্লেখ করেন যে বিএনপির রাজনীতি হলো সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। তিনি বলেন, এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়ের সময় এবং আমরা বিশ্বাস করি আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা এবং সবার আগে বাংলাদেশ।

তিনি আরও জানান, বিএনপি শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার দিতে চায়। শোষণের পরিবর্তে অধিকারে বিশ্বাসী বিএনপি এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে চায় যেখানে নেতার আগে জনতা প্রাধান্য পাবে। এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলো সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর, সমতাভিত্তিক ও জ্ঞানভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়াই বিএনপির উদ্দেশ্য।

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

এনএন/ ৪ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top