ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের মেয়েদের দাপট চলছেই। সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমাদের পারো এফসি রয়েছে শীর্ষে। সমানতালে ছুটছে কৃষ্ণা রানী সরকার, রুপ্না চাকমাদের ট্রান্সপোর্ট ইউনাইটেড। ক্লাবটির হয়ে সর্বশেষ ম্যাচে ৫ গোল করে ম্যাচসেরা হয়েছেন লাল-সবুজদের তারকা কৃষ্ণা।
ফুটসেলিং হিরোস ওমেন্স ফুটবল ক্লাবের বিপক্ষে মঙ্গলবার ১২-০ গোলে জেতে ট্রান্সপোর্ট ইউনাইটেড। বাংলাদেশ গোলরক্ষক রুপ্না ক্লিনশিট রাখেন। ক্লাবটির হয়ে বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভীনও খেলছেন।
প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র তারকা কৃষ্ণা। দ্বিতীয়ার্ধে করেন আরও দুই গোল। ১২ গোলের মধ্যে কৃষ্ণা পাঁচ গোল করে ম্যাচসেরা হন। ভুটানের লিগে এটি কৃষ্ণার দ্বিতীয় ম্যাচসেরার স্বীকৃতি।
কয়েকমাস বিরতির পর আবারও ম্যাচসেরা খেলোয়াড় হয়ে কৃষ্ণা বলেছেন, ‘এটা আমার দ্বিতীয়বার ম্যাচসেরা হওয়া। দল বড় ব্যবধানে জিতেছে আমি সেখানে অবদান রাখতে পেরেছি। সতীর্থদের ধন্যবাদ।’




