সকল জুলাই যোদ্ধা ও প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ নেতা তারেক রহমান বলেন, দেশে আবারও কাঙ্ক্ষিত সংসদীয় রাজনীতির যাত্রা শুরু হয়েছে। ভিন্নমত থাকলেও স্বাধীন, স্বনির্ভর ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রশ্নে কোনো বিভেদ থাকতে পারে না।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এসব বলেন তিনি। অধিবেশনে শুরু হয়েছে স্পিকারের চেয়ার শূন্য রেখেই। অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী সংসদ নেতা হিসেবে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যের শুরুতেই তিনি সাম্প্রতিক গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।
অধিবেশনে প্রধানমন্ত্রী পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদের প্রথম অধিবেশন পরিচালনার জন্য সভাপতিত্ব করার প্রস্তাব দেন।
প্রধানমন্ত্রীর এই প্রস্তাবে সমর্থন জানান সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিরোধী দলের পক্ষ থেকে বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও প্রস্তাবটির প্রতি সমর্থন জানান। তবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি সংসদে বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়ার আগে সরকারি দলের উচিত ছিল বিরোধী দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা।
প্রথম অধিবেশনেই নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ায় দেশের সংসদীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





