
যশোর, ১৪ ফেব্রুয়ারি – ভালোবাসা দিবস উপলক্ষে প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’। এটিএন বাংলায় প্রায় দুই যুগ ধরে বিশেষ দিনগুলোতে অনুষ্ঠানটি নিয়মিত প্রচারিত হয়ে আসছে।
ফাগুন অডিও ভিশন নির্মিত এই অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি শনিবার রাত ৮টা ৫ মিনিটে সম্প্রচারিত হবে। সাধারণত ভালোবাসা দিবসে প্রেমিক যুগলদের বাইরে ঘোরাঘুরির দৃশ্য দেখা গেলেও এবারের পাঁচফোড়নের গল্পটি সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। এখানে এক দম্পতিকে দেখা যাবে যারা ঘরে বসেই ভালোবাসার নানা স্মৃতিচারণ ও গল্পের মাধ্যমে দিনটি উদযাপন করেন। এই দম্পতির ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় তারকা আবদুন নূর সজল ও সারিকা সাবরিন। তাদের খুনসুটি ও কথোপকথনের ফাঁকেই উপস্থাপন করা হবে গান, নাচ এবং বিভিন্ন সমসাময়িক প্রতিবেদন।
এবারের পর্বে থাকছে দুটি বিশেষ গান। কবির বকুলের কথায় এবং শওকত আলী ইমনের সুর ও সংগীতে একটি একক গানে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। অন্য একটি দ্বৈত গান গেয়েছেন কমল ও তানজিনা রুমা, যার কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। এছাড়াও বরিশালের স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জনপ্রিয় ফোক গানের সঙ্গে একটি নৃত্য পরিবেশনা থাকছে। অনুষ্ঠানের তথ্যবহুল প্রতিবেদনের অংশে তুলে ধরা হয়েছে যশোরের বাঘারপাড়া উপজেলার বহরমপুর গ্রামের কাজী মাওলানা ফারুক হোসেনের কথা।
তিনি এলাকায় ‘রস কাকা’ নামে পরিচিত। খেজুরের রসের ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে তার উদ্যোগ প্রশংসনীয়। অপর একটি প্রতিবেদনে দেখানো হবে লোকালয়ে মানুষের সঙ্গে বসবাসকারী এক অদ্ভুত শিয়ালের গল্প। এছাড়া ভালোবাসা দিবসকে কেন্দ্র করে থাকছে বেশ কিছু ব্যঙ্গাত্মক ও মজার নাটিকা।
এস এম/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬





