ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং | চ্যানেল আই অনলাইন

ভারত সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত সরকারি সফরে ভারত যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং।

সফরে তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, জ্যেষ্ঠ কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকবে।

বৃহস্পতিবার (২৮ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক ‘বিগ ক্যাট অ্যালায়েন্স সামিট’-এ অংশ নিতে ১ জুন ভারত সফরের কথা থাকলেও সম্মেলনটি স্থগিত হওয়ায় এখন মিন অং হ্লাইং ৩০ মে থেকে ৩ জুন পর্যন্ত পূর্ণাঙ্গ সরকারি সফর করবেন। বর্তমান দায়িত্বে ভারতের উদ্দেশে এটি হবে তার প্রথম সফর।

সফরের অংশ হিসেবে ১ জুন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন মিন অং হ্লাইং। দুই দেশের ঐতিহাসিক ও সভ্যতাগত সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছে ভারত। এছাড়া তিনি একটি ব্যবসায়িক ফোরামেও অংশ নেবেন।

সরকারি সফরের সময় ৩০ মে তিনি বৌদ্ধ তীর্থস্থান ‘বুদ্ধ গয়া’ সফর করবেন। পরে ২ জুন ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাত সংশ্লিষ্ট বৈঠক এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শনে যাবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মিয়ানমার ভারতের ‘নেইবারহুড ফার্স্ট’, ‘অ্যাক্ট ইস্ট’ এবং ‘মহাসাগর’ নীতির গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত। মিন অং হ্লাইংয়ের এ সফর দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top