ভারত মহাসাগরে চীনগামী ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

ভারত মহাসাগরে চীনগামী ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

ভারত মহাসাগরে চীনগামী ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র – DesheBideshe

ওয়াশিংটন, ১০ ফেব্রুয়ারি – প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ‘কোয়ারেন্টাইন’ বা নিষেধাজ্ঞা অমান্য করে ভেনেজুয়েলার তেল বহন করায় এবার ভারত মহাসাগর এলাকায় একটি বড় ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অ্যাকুইলা ২ নামের ওই জাহাজটি ভেনেজুয়েলা থেকে চীনের একটি বন্দরের দিকে যাচ্ছিল।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ক্যারিবিয়ান সাগর থেকেই মার্কিন নৌবাহিনী অ্যাকুইলা ২ জাহাজটিকে অনুসরণ করছিল।

এক্সে দেওয়া পোস্টে পিট হেগসেথ বলেন, “যখন যুদ্ধ বিভাগ, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়, কোয়ারেন্টাইনের কথা বলে, তখন তা যথার্থভাবেই বলে। সোমবার ভারত মহাসাগর এলাকায় রাতভর অভিযান চালিয়ে অ্যাকুইলা ২ নামের একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন নৌবাহিনী।”

তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প নিষেধাজ্ঞার আওতায় থাকা ভেনেজুয়েলার ট্যাংকার জাহাজগুলোকে কোয়ারেন্টাইন অবস্থায় থাকার নির্দেশ দিয়েছিলেন। অ্যাকুইলা ২ সেই নির্দেশ অমান্য করে এগিয়ে যাচ্ছিল। মার্কিন নৌবাহিনী জাহাজটিকে অনুসরণ করছিল এবং উপযুক্ত সময়ে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়েছে।”

পোস্টে হেগসেথ আরও বলেন, “এই পৃথিবীতে এমন কোনো দেশ বা জাতি নেই, যারা যে কোনো ক্ষেত্রে নিজেদের ইচ্ছামতো সবকিছু করতে পারে। আকাশপথ, স্থলপথ কিংবা জলপথ— যেখানেই হোক, আমাদের প্রতিরক্ষা বাহিনী আপনাদের খুঁজে বের করবে এবং আপনাদের সঙ্গে ন্যায়বিচার করবে। আমাদের ছাড়িয়ে যাওয়ার অনেক আগেই আপনাদের জ্বালানি ফুরিয়ে যাবে।”

তিনি আরও বলেন, “যারা মার্কিন শক্তিকে অবমূল্যায়ন করে এবং বৈশ্বিক সামুদ্রিক অঞ্চলে নিজেদের অধিকার অপব্যবহার করে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অবস্থান তাদের প্রতি সবসময় কঠোর।”

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাকুইলা ২ একটি সুয়েজম্যাক্স শ্রেণির ট্যাংকার জাহাজ। সবচেয়ে বড় আকারের ট্যাংকারগুলোকেই সুয়েজম্যাক্স বলা হয়, যেগুলো একবারে প্রায় ১০ লাখ ব্যারেল তেল বহন করতে সক্ষম।

অ্যাকুইলা ২ জাহাজটির মালিক ভেনেজুয়েলার সরকার। যুক্তরাষ্ট্রের বাহিনী জাহাজটি জব্দ করার সময় এতে প্রায় ৭ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল ছিল।

জানা গেছে, অ্যাকুইলা ২-এর নেতৃত্বে ভেনেজুয়েলা থেকে একটি জাহাজ বহর চীনের বন্দরের দিকে যাচ্ছিল। মার্কিন বাহিনী অ্যাকুইলা ২ জব্দ করার পর ওই বহরের বাকি জাহাজগুলো আবার ভেনেজুয়েলার দিকে ফিরে গেছে।

এনএন/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top