
নয়াদিল্লি, ২০ জুলাই – ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বৈঠকের পর তিনি সংগঠনটিকে তাদের চলমান বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে মন্ত্রীর এই বৈঠকটি দীর্ঘ সময় ধরে চলে। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানিয়ে আসছিল এই প্ল্যাটফর্মটি।
জেপি নাড্ডা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান যে সোমবার সকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা ৫০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত প্রাথমিক আলোচনা হয়।
মন্ত্রী জানান যে বিক্ষোভকারীরা বিকেল চারটার দিকে তাদের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন। তিনি আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি শেষ করে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান। দিল্লি পুলিশও এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে এবং গুজবে কান না দিতে জনসাধারণের প্রতি অনুরোধ করেছে।
সিজেপির মুখপাত্র সৌরভ দাস জানান যে তারা তাদের দাবিদাওয়া নিয়ে একটি লিখিত চিঠি মন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন। মন্ত্রী বিষয়টি নিয়ে যথাযথ মহলে আলোচনার আশ্বাস দিয়েছেন।
তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে।
এনএন/ ২০ জুলাই ২০২৬






