
নয়া দিল্লি, ১৮ জুলাই – কাগজের নোটের স্থায়িত্ব বাড়াতে এবং জাল নোট প্রতিরোধে পরীক্ষামূলকভাবে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর উদ্যোগ নিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী বাজারে প্রচলিত ১০ ও ২০ রুপির নোটগুলো প্রথমে প্লাস্টিক উপাদানে তৈরি করা হবে।
পাইলট প্রকল্পের এই উদ্যোগ সফল হলে ২০২৭ সাল থেকে ধাপে ধাপে বড় মানের নোটগুলোকেও পলিমারের আওতায় আনা হতে পারে। আরবিআইয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাজারে ১০ ও ২০ রুপির নোটের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় ছোট মূল্যমানের নোট দিয়ে এই কার্যক্রম শুরু করা হচ্ছে।
প্লাস্টিক নোটের কার্যকারিতা, স্থায়িত্ব এবং সাধারণ মানুষের মধ্যে এর গ্রহণযোগ্যতা গভীরভাবে পর্যবেক্ষণ করার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মূলত নোটের স্থায়িত্ব বৃদ্ধিই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। প্রচলিত কাগজের নোট ঘন ঘন ব্যবহারের ফলে দ্রুত ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়।
অন্যদিকে পলিমার নোট অনেক বেশি টেকসই এবং দীর্ঘস্থায়ী। এছাড়া দীর্ঘমেয়াদে এই নোটের উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ কাগজের নোটের তুলনায় অনেক কম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই প্রকল্পের অংশ হিসেবে আরবিআইয়ের সহযোগী প্রতিষ্ঠান ভারতীয় রিজার্ভ ব্যাংক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (বিআরবিএনএমপিএল) এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে।
প্লাস্টিকের নোট তৈরির জন্য প্রয়োজনীয় ওপাসিফাইড পলিমার সাবস্ট্রেট শিট সরবরাহে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে আগ্রহপত্র বা এক্সপ্রেশন অব ইন্টারেস্ট আহ্বান করা হয়েছে। আরবিআই আরও জানিয়েছে যে, নতুন এই পলিমার নোটে আধুনিক ও উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হবে। এটি জাল নোট তৈরির প্রবণতা কমাতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
এস এম/ ১৮ জুলাই ২০২৬






