ভারতের মধ্যপ্রদেশের অজনার নদী বারবার পরিষ্কার করার পরও মানুষ সেখানে আবর্জনা ফেলা অব্যাহত রাখায় হতাশা প্রকাশ করেছেন পরিবেশকর্মী সুরেন্দ্র সিং চৌধুরী, যিনি ‘বিট্টু তাবাহি’ নামেই বেশি পরিচিত। দীর্ঘদিন একা হাতে নদী পরিষ্কার করতে গিয়ে এবার নিজের হাতে মারাত্মক সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে বিট্টু তার সংক্রমিত হাত দেখিয়েছেন। ভিডিওতে দেখা যায়, যে নদীটি তিনি পরিষ্কার করেছিলেন, সেখানে আবারও আবর্জনা জমে স্তূপ হয়ে আছে। পাশাপাশি একটি হাসপাতাল বা ক্লিনিকের বিছানায় শুয়ে থাকার দৃশ্যও শেয়ার করেছেন তিনি, যেখানে তার হাতের ত্বকের সংক্রমণ স্পষ্ট দেখা যাচ্ছে।
বিট্টু জানান, নদী পরিষ্কারের এই উদ্যোগে তিনি নানা বাধার সম্মুখীন হচ্ছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে খুব কমই সহায়তা পাচ্ছেন। দূষিত পানি ও পচনশীল বর্জ্যের সংস্পর্শে বারবার আসার ফলে তার এই শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
জানা গেছে, দূষিত পানি, প্লাস্টিক ও অন্যান্য আবর্জনার সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকার কারণে বিট্টুর হাত ও পায়ে তীব্র চুলকানি ও ব্যথা শুরু হয়েছে। ত্বকের এই সমস্যা এতটাই গুরুতর আকার ধারণ করেছে যে, তাকে প্রতিদিন রাতে নিয়মিত ওষুধ সেবন করতে হচ্ছে।
২০২৬ সালের জানুয়ারি মাসে অজনার নদীর একটি ভরাট হয়ে যাওয়া অংশ পরিষ্কারের কাজ শুরু করেন বিট্টু। এরপর থেকে তিনি নদীটি থেকে প্রচুর পরিমাণে প্লাস্টিকের বোতল, ব্যাগ, শৈবাল ও অন্যান্য বর্জ্য অপসারণ করেছেন। জানা যায়, পরিষ্কারের সময় তিনি গ্লাভস ও বুটের মতো সাধারণ সুরক্ষা সামগ্রী ব্যবহার করলেও অনেক সময় খালি হাতেই আবর্জনা পরিষ্কার করেছেন।
বিশেষজ্ঞদের মতে, দূষিত পানি এবং পচনশীল আবর্জনার সংস্পর্শে বারবার এলে ত্বক ক্ষতিকর ব্যাকটেরিয়া, অণুজীব ও জ্বালাপোড়া সৃষ্টিকারী পদার্থের দ্বারা আক্রান্ত হতে পারে, যা থেকে সংক্রমণসহ নানা ধরনের চর্মরোগ দেখা দেয়।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
বিট্টুর এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি তার প্রচেষ্টার পরও নদীতে আবর্জনা ফেলা অব্যাহত রাখায় অনেকে সাধারণ মানুষের সমালোচনা করেছেন এবং জলাশয় রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।


