দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে হঠাৎ কয়েকজন নেতা–কর্মী হাজির হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা ও শহর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে বিকেলে কার্যালয়টিতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল নেতা–কর্মী।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাতজন নেতা–কর্মী দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন। তাঁদেরই একজন মুঠোফোনে সেলফি তোলার ভঙ্গিতে ভিডিও ধারণ করছিলেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার পাশাপাশি ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই’ বলে কয়েকবার স্লোগান দেন। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ খালেদ হাবিব (সুমন), সাংস্কৃতিক সম্পাদক রহমতুল্লাহ রহমত, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সৈয়দ সালাহ উদ্দিন, সদস্য রুহানা নিশাত প্রমুখকে দেখা যায়।



