ভয়াবহ রুপ নিচ্ছে হাম: ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু – DesheBideshe



ঢাকা, ১২ সেপ্টেম্বর – দেশে মারাত্মক আকার ধারণ করেছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে কেবল ঢাকার হাসপাতালেই প্রাণ হারিয়েছেন ৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ হেলথ বুলেটিন অনুযায়ী, চলতি বছর হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,০১৯ জনে।

প্রকাশিত তথ্যে দেখা যায়, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ৯১৯ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি: ৮৫৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৭০,৬৩৮ জন সন্দেহজনক রোগীর মধ্যে ২০,০০০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৫০,২০২ জন। চিকিৎসাসেবা নিয়ে এ পর্যন্ত ১ লাখ ৪৪,৪৬৫ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির চিত্র

ঢাকা ৩৭৭ জন, চট্টগ্রাম ২০০ জন, সিলেট ১২১ জন, বরিশাল ৬০ জন, রাজশাহী ৫৫ জন ময়মনসিংহ ৩৭ জন, খুলনা ৩১ জন এবং রংপুর ৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা

রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকায় সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুদের মধ্যে সর্দি, জ্বর, কাশি এবং শরীরে লালচে ফুসকুড়ির মতো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার ও টিকাদান নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৬

Scroll to Top