ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ | চ্যানেল আই অনলাইন

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ | চ্যানেল আই অনলাইন

চীনের রাজধানী বেইজিংয়ের সর্বোচ্চ ভবন সিআইটিআইসি টাওয়ারে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার চার দিন পেরিয়ে গেলেও দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি চীনা কর্তৃপক্ষ। এই ঘটনায় বিমানের পাইলট নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন।

আজ (১ জুলাই) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সদর দপ্তরের অদূরে দুর্ঘটনাটি ঘটায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি নিয়ে সরকারি তথ্য প্রকাশে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

দুর্ঘটনার পর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেইজিং ডেইলি মাত্র ৬০ শব্দের একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রকাশ করেছে। এরপর থেকে এই বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৯ তলাবিশিষ্ট সিআইটিআইসি টাওয়ারের ক্ষতিগ্রস্ত অংশ কাঠের তক্তা দিয়ে অস্থায়ীভাবে ঢেকে দেওয়া হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেট থেকে ঘটনার ভিডিও দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে।

এমনকি ভবনটির সাধারণ ছবি কিংবা এই সংক্রান্ত মিমও মুছে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের তিনটি বিমান সংস্থাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য না করারও নির্দেশ দেওয়া হয়েছে।

Scroll to Top