ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের আগে মেটলাইফ স্টেডিয়ামে ঝড়ের শঙ্কা – DesheBideshe

ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের আগে মেটলাইফ স্টেডিয়ামে ঝড়ের শঙ্কা – DesheBideshe


ব্রাজিল বনাম মরক্কো ম্যাচের আগে মেটলাইফ স্টেডিয়ামে ঝড়ের শঙ্কা – DesheBideshe

ওয়াশিংটন, ১৩ জুন – ২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচের আগে প্রতিকূল আবহাওয়া বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ সি এর এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের ব্যাপক আগ্রহ থাকলেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস উত্তেজনায় কিছুটা ভাটা ফেলেছে।

স্প্যানিশ রেডিও স্টেশন সের এর সাংবাদিক হোসে প্যালাসিও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে দেখা যায় মেটলাইফ স্টেডিয়াম এলাকায় আকাশ ঘন মেঘে ঢাকা এবং প্রবল বেগে বাতাস বইছে। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে এমন পরিস্থিতি আয়োজকদের নতুন করে ভাবিয়ে তুলেছে।

উত্তর আমেরিকার গ্রীষ্মকালীন আবহাওয়ায় হঠাৎ ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা নিয়ে আয়োজক কর্তৃপক্ষ আগে থেকেই সতর্ক ছিল। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী কোনো স্টেডিয়ামের নির্দিষ্ট সীমার মধ্যে বজ্রপাতের ঝুঁকি থাকলে নিরাপত্তার স্বার্থে খেলা সাময়িকভাবে স্থগিত করা হয়।

ব্রাজিলের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন পূর্বাভাস খেলোয়াড় ও দর্শকদের জন্য অনিশ্চয়তা তৈরি করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে তাদের হেক্সা মিশনের যাত্রা শুরু করতে যাচ্ছে। অন্যদিকে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোও পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছে।

তবে এই হাইভোল্টেজ ম্যাচটি ঠিক সময়ে মাঠে গড়াবে কি না তা এখন অনেকটা প্রকৃতির মর্জির ওপর নির্ভর করছে। বিশ্বকাপ আয়োজক কমিটি জানিয়েছে তারা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং দর্শকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এস এম/ ১৩ জুন ২০২৬



Scroll to Top